Logo
প্রিন্টের তারিখ: 01 November 2026 | প্রকাশের তারিখ: Nov 1, 2026

সংবাদ শিরোনাম : পোমরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদ, দিল ৩৩ হাজার টাকা

পোমরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদ, দিল ৩৩ হাজার টাকা

নিজস্ব প্রতিবেদক | Ad Channel24
প্রকাশের তারিখ: ২১ অক্টোবর ২০২৬ 

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের হাজীপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনে নগদ ৩৩ হাজার টাকা আর্থিক সহায়তা দিয়েছে মানবিক সংগঠন প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদ।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে সংগঠনটির নিজস্ব স্থায়ী কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে এ অর্থ হস্তান্তর করা হয়।

সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা ফজলুল কবির চৌধুরী।

সংগঠনের দেশ প্রতিনিধি মুহাম্মদ ফিরোজের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মো. আবুল হাসেম, সহ-সভাপতি মো. সেকান্দর, মুখপাত্র এ. আর. মামুনুল হক এবং বাংলাদেশ মানবাধিকার কমিশন রাঙ্গুনিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও তিনবারের শ্রেষ্ঠ মানবাধিকার পদকপ্রাপ্ত মাস্টার মো. আব্বাস আলী চৌধুরী (মুন্না)।

এ সময় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষে মো. আযম ও ইয়াছিন আরাফাত চৌধুরী (মুন্না) উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি মাওলানা ফজলুল কবির চৌধুরী ও ইয়াছিন আরাফাত চৌধুরী (মুন্না)-এর হাতে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য বরাদ্দ করা নগদ অর্থ হস্তান্তর করা হয়।

সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, মধ্যপ্রাচ্যের কঠিন যুদ্ধ পরিস্থিতি ও নানা সংকটের মধ্যেও প্রবাসে অবস্থানরত সংগঠনটির সদস্যরা তাদের দুর্দিনে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। বিপদের সময়ে এ ধরনের সহায়তা তাদের জন্য অত্যন্ত আবেগের ও আশাব্যঞ্জক।

পরিবারের পক্ষ থেকে আরও বলা হয়, সংগঠনটির সদস্যদের ভালোবাসা ও সহযোগিতা তারা কৃতজ্ঞতা ও শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখবেন। পাশাপাশি মহান আল্লাহর কাছে এ মহৎ উদ্যোগ কবুল করা এবং সংগঠনের সদস্যদের রিজিক ও জীবনে অফুরন্ত বরকত কামনা করেন তারা।

পোমরা হাজীপাড়ার যুবসমাজের পক্ষ থেকেও প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের সকল সদস্য, কর্মকর্তা, উপদেষ্টা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা, ভালোবাসা ও শুভকামনা জানানো হয়।

স্থানীয়দের মতে, এ ধরনের মানবিক উদ্যোগ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের দুর্দিনে সহায়তার পাশাপাশি সমাজে পারস্পরিক সহযোগিতা ও ভ্রাতৃত্ববোধ জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রবাসে অবস্থান করেও দেশের মানুষের বিপদে পাশে দাঁড়ানোর এ উদ্যোগ মানবতার বন্ধনকে আরও দৃঢ় করেছে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে সংগঠনের সকল সদস্য, কর্মকর্তা, উপদেষ্টা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। 


Ad Channel 24
সকল কারিগরি সহায়তায়ঃ চট্টগ্রাম আইটি সফট
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF